টেকনিক্যাল শিক্ষাকে মানবিক বিভাগে অন্তর্ভূক্তির পরামর্শ
ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষাকে বিজ্ঞান বিভাগের পরিবর্তে মানবিক বিভাগে অন্তর্ভূক্তির পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি মনে করেন, সংখ্যায় শিক্ষিতের পরিমাণ বাড়াতে সরকার শতভাগ সফল হলেও চতুর্থ শিল্প বিপ্লবের ঝুঁকি মোকাবেলায় কর্মমুখী শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। কেবল কারিকুলাম নয়; যারা কারিকুলাম বাস্তবায়ন করছেন তাদের মানোন্নয়নেও মনোনিবেশ করতে হবে।
রোববার রাজধানীর একটি অভিজাত রোস্তোরায় আয়োজিত ন্যাশনাল কনসালটেশন অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিউচার অব ওয়ার্ক শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন উপমন্ত্রী।
এসময় প্রযুক্তির ব্যবহারে কিছু কর্মসংস্থান হারালেও কৃষির ডিজিটাল রুপান্তরের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন. এম. জিয়াউল আলমের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ইউএনআইডিও রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ ভ্যান বার্কেল রেনে, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির,ইউএনআইডিও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ জাকি-উজ-জামান আলোচনায় অংশ নেন।
আলোচনা সভা পরিচালনা করেন এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।
সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তৈরি পোশাক শিল্পখাতে কিছু কর্মী বেকার হতে পারে। তবে তা টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে পুষিয়ে নেয়া হবে।
সমাজে ভোকেশনাল ও টেকনিক্যাল কাজে নিয়োজিতদের ইমেজ এখন আগের তুলনায় অনেক ভালো বলে উল্লেখ করেন উপ-মন্ত্রী নওফেল।
তিনি বলেন, ইন্ডাস্ট্রি থেকে এখন বারবার বলা হচ্ছে দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। তাই এখন তাদেরকেই বলতে হবে তারা কী ধরনের দক্ষতা চান।
বলেন, আমার মনে হয় এখন বেতন, পদন্নয় ইত্যাদি প্রথাগত ব্যবস্থা থেকে বেরিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত এটুআই এবং ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনআইডিও) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।